অক্টোবার ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শাবিপ্রবিতে শীর্ষ তিন কর্মকর্তার নিয়োগ বাতিল, তদন্ত কমিটি গঠন

  • Views: 3227
  • Share:
অক্টোবার ২৪, ২০২৬ ১৬:৪৪ Asia/Dhaka

স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরী ও রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ তিনজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সিন্ডিকেট। নিয়োগ বাতিল হওয়া অন্য কর্মকর্তা হলেন প্রকৌশলী বিকাশ চন্দ্র দাস। একইসাথে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা সংস্কারে ৮৭ লাখ টাকা ব্যয়ের বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাধিক সিন্ডিকেট সদস্য।

জানা যায়, নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলো পুনর্বিন্যাসের অংশ হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং প্রকৌশল দপ্তরের কর্মকর্তা জয়নাল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ২০২৫ সালের মে মাসে তাদের নিজ নিজ পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়।

রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের বিশ্ববিদ্যালয়ে চাকরির মেয়াদ ২০২৫ সালের ১৭ নভেম্বর পূর্ণ হয়। এরপর ১৮ নভেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়। একইভাবে, প্রধান প্রকৌশলী জয়নাল ইসলাম চৌধুরীর চাকরির মেয়াদ ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পূর্ণ হওয়ায় ৩১ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

​সিন্ডিকেট সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ রাস্তা সংস্কারের ব্যয় নিয়ে ওঠা প্রশ্ন তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রবিউল ইসলামকে সভাপতি, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরীকে সদস্যসচিব এবং সিন্ডিকেট সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শহিদুর রহমানকে সদস্য করা হয়েছে।

​এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সিন্ডিকেটের সব সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান প্রকৌশলীসহ চুক্তিভিত্তিক নিয়োগে থাকা সবার নিয়োগ বাতিল করা হয়েছে।”

user
user
Ad
Ad