আগষ্ট ২৩, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা

  • Views: 1247
  • Share:
আগষ্ট ২২, ২০২৬ ১৭:১৫ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনলাইন জুয়া ও ক্যাসিনো ব্যবসার প্রতিবাদ করায় হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শিক্ষক আরিফুলের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত হামলাকারীদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তিনি এলাকায় মাদক ও অনলাইন জুয়াবিরোধী আন্দোলন চালিয়ে আসছিলেন। শিক্ষক আরিফুল ইসলাম জুয়া চক্রের মূলহোতা রহিদুল ইসলাম ও তার সহযোগীদের কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দেন এবং না শুনলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার হুঁশিয়ারি দেন।

এরই জেরে গত ১ আগস্ট বিকেলে কলেজ থেকে বাড়ি ফেরার পথে রহিদুলের নেতৃত্বে আরিফুলের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে শিক্ষক আরিফুলের মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে হামলাকারীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে ঢাকার এভারকেয়ার হাসপাতাল অবশেষে আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর নিহত শিক্ষক আরিফুলের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে গত ২ আগস্ট ১০ জনের নাম উল্লেখ করে আদিতমারী থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি রহিদুল ইসলামকে ১২ আগস্ট রাতে ঢাকার নয়াতলা এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাব। পরে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এদিকে শিক্ষকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পরপরই চরম উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত এলাকাবাসী জড়ো হয়ে কারাবন্দী আসামি রহিদুলসহ হামলায় জড়িত অন্যান্য আসামিদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে জানতে চাইলে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক আরিফুল ইসলামের মৃত্যুর খবর পেয়েছি। মামলার প্রধান আসামি ইতোমধ্যেই গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে। মৃত্যুর পর এলাকার উত্তেজিত জনতা আসামিদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

user
user
Ad
Ad