নভেম্বার ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিএস জরিপ: দেশের ৫৪ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

নভেম্বার ২০, ২০২৬ ২৩:১০ Asia/Dhaka
  • Views: 1434
  • Share:

দেশের শিক্ষাব্যবস্থায় সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বাইরে পড়াশোনা করছে অর্ধেকের বেশি শিক্ষার্থী। মোট শিক্ষার্থীর ৪৫ দশমিক ৮৪ শতাংশ এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও বাকি ৫৪ দশমিক ১৬ শতাংশ পড়ছে অন্যান্য ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে।

 এর মধ্যে বেসরকারি সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে ২৯ দশমিক ৯৯ শতাংশ এবং সরকারি অনুদানবিহীন বেসরকারি প্রতিষ্ঠানে ১০ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া কওমি মাদ্রাসায় ৬ দশমিক ৬১ শতাংশ এবং আলিয়া মাদ্রাসায় ৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘সোশিও-ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভে ২০২৩’ প্রতিবেদনে দেশের শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ধরনভিত্তিক এ চিত্র উঠে এসেছে। এর তথ্য হালনাগাদ করা হয়েছে চলতি বছরের মে মাসে।

বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে ৪০ শতাংশের বেশি
দেশের শিক্ষাব্যবস্থায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ উল্লেখযোগ্য। সরকারি প্রতিষ্ঠানের বাইরে শিক্ষার্থীদের বড় একটি অংশ বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। বিবিএসের জরিপ অনুযায়ী, দেশের মোট শিক্ষার্থীর ২৯ দশমিক ৯৯ শতাংশ বেসরকারি সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। আর সরকারি অনুদান পায় না—এমন বেসরকারি প্রতিষ্ঠানে পড়ছে ১০ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ দুই ধরনের বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে ৪০ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।

মাদ্রাসায় পড়ছে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থায় মাদ্রাসারও উল্লেখযোগ্য অংশগ্রহণ রয়েছে। বিবিএসের জরিপে দেখা যায়, দেশের মোট শিক্ষার্থীর ৬ দশমিক ৬১ শতাংশ কওমি মাদ্রাসায় এবং ৫ দশমিক ৮৫ শতাংশ আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। দুই ধরনের মাদ্রাসা মিলিয়ে এ হার ১২ দশমিক ৪৬ শতাংশ।

শিক্ষার মাধ্যমের ক্ষেত্রেও পার্থক্য 
শিক্ষার মাধ্যম বিবেচনায় দেশের শিক্ষার্থীদের মধ্যে বাংলা মাধ্যমের প্রাধান্য সবচেয়ে বেশি। বিবিএসের জরিপ অনুযায়ী, ৩ থেকে ২৪ বছর বয়সী বর্তমান শিক্ষার্থীদের ৯৬ দশমিক ০৩ শতাংশ বাংলা মাধ্যমে পড়াশোনা করছে। ইংরেজি মাধ্যমে পড়ছে শূন্য দশমিক ৬৫ শতাংশ এবং ইংরেজি ভার্সনে শূন্য দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী। অন্যান্য মাধ্যমে অধ্যয়নরত শিক্ষার্থীর হার ৩ দশমিক ০২ শতাংশ।

গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার মাধ্যমের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। গ্রামে বাংলা মাধ্যমে পড়ার হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ, শহরে ৯৫ দশমিক ১২ শতাংশ। অন্যদিকে ইংরেজি মাধ্যমে শহরে ১ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পড়লেও গ্রামে এ হার মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ। ইংরেজি ভার্সনে শহরে ০.৭৭ শতাংশ এবং গ্রামে ০.০৭ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা করছে।

user
user
Ad
Ad