নভেম্বার ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা না পেয়ে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

নভেম্বার ২০, ২০২৬ ১৭:১৩ Asia/Dhaka
  • Views: 1438
  • Share:

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) টানা দুই দিন ধরে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্পাসে আসেনি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। নিরাপত্তাহীনতার কারণে বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে পরীক্ষা স্থগিত হওয়ায় তাঁদের মধ্যে সেশনজটের আশঙ্কাও তৈরি হয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে থাকা নামফলকের ওপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামসংবলিত ব্যানার টাঙানো হয়। এ সময় নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে। পরদিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও স্লোগান দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি স্থাপনের জন্য সাত দিনের আলটিমেটাম দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মন্দির গেটসংলগ্ন প্রধান সড়কে গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।

বৃহস্পতিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে জেলাজুড়ে বিজিবি মোতায়েন করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীর নিরাপত্তায় ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো দৃশ্যমান উপস্থিতি দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েকজন আনসার সদস্য দিয়ে নিরাপত্তার কার্যক্রম পরিচালনা করছে।

এদিকে গত ১৭ নভেম্বর থেকে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তে নিরাপত্তাহীনতার পাশাপাশি একাডেমিক ক্ষতির আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। বাড়ি যাওয়ার মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান হাওলাদার বলেন, ‘বর্তমান সার্বিক পরিস্থিতির কারণে আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। এতে আমাদের অনেক ক্ষতি হবে। পরীক্ষা দিতে পারলে আমাদের জন্য ভালো হতো।’

রায়হান বলেন, ‘নিরাপত্তাহীনতার জন্য বাড়ি চলে যেতে হচ্ছে। তাছাড়া প্রশাসনও নিরাপত্তা নিয়ে অনেক চাপে রয়েছে। দফায় দফায় ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল হচ্ছে এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এসব বিবেচনায় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, ‘শুধু আমাদের বিশ্ববিদ্যালয়েই নয়, গোটা গোপালগঞ্জেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েনের বিষয়ে জেলা প্রশাসককে জানিয়েছিলাম। তবে বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন করবে না বলে জানিয়েছে তারা।’

তিনি বলেন, ‘গতকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাহিনীর সদস্য ক্যাম্পাসে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ নভেম্বর রাতে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। একই সিদ্ধান্তের আলোকে সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রসংগঠনের নেতারা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে আমরা বরাবরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ পর্যায়সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে গত কয়েক দিন ধরে যোগাযোগ করেছি। কিন্তু সেভাবে কোনো সাড়া পাইনি।’

তিনি আরও বলেন, ‘আজকের নোটিশটি একটি হঠকারী সিদ্ধান্ত। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি ন্যূনতম বিবেচনায় না নিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা জানিয়ে তিনি বলেন, ‘হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেই শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে, এমন কোনো নিশ্চয়তা নেই। গোপালগঞ্জের প্রত্যেকটি স্থানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এখনো বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। শিক্ষার্থীরা রাস্তায় বের হলেই নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবে, সেই নিশ্চয়তা কে দেবে?’

অন্যদিকে, ছাত্র গণমঞ্চের নিঘাত রৌদ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা ও সার্বিক পরিস্থিতি নিয়ে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় বিভিন্ন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা পায়নি। পুলিশ, বিজিবি কেউই সহায়তা করেনি। সেনাবাহিনীও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ফলে এই বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আসলে কিছু করার নেই।’

তিনি আরও বলেন, ‘একটি সংগঠন রক্তের ওপর দিয়ে পালিয়ে গিয়ে আবারও রক্তের মধ্য দিয়ে ফিরে আসতে চাইছে। কিন্তু রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাঝখানে বলির পাঁঠা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।’

নিজের পরীক্ষার আটকানোর কথা জানিয়ে তিনি বলেন, ‘নিজেরও আরও দুটি পরীক্ষা বাকি রয়েছে, সেগুলো আটকে গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সেমিস্টার আটকে যাওয়াসহ নানা সমস্যার মধ্যে পড়েছেন।’

user
user
Ad
Ad