টানা দ্বিতীয়বার এআইসিই-এর ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড’ পেল শাবিপ্রবি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সংগঠন SUST Student Chapter of the American Institute of Chemical Engineers (AIChE) টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৫-২৬’ অর্জন করেছে।
এ বছর বাংলাদেশের পাঁচটি স্টুডেন্ট চ্যাপ্টারের মধ্যে একমাত্র বিজয়ী হিসেবে এ স্বীকৃতি পেয়েছে সংগঠনটি।
গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অনুষ্ঠিত AIChE Annual Student Conference 2026-এ SUST AIChE-কে এ পুরস্কারে ভূষিত করা হয়। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষেও প্রথমবারের মতো এ পুরস্কার অর্জন করেছিল সংগঠনটি।
আমেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (AIChE) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পেশাজীবীদের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন। বিশ্বের ১১০টিরও বেশি দেশে সংগঠনটির ৬০ হাজারের অধিক পেশাজীবী সদস্য রয়েছেন। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০০টি স্টুডেন্ট চ্যাপ্টারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (CEP) বিভাগের অধীনে পরিচালিত হচ্ছে SUST AIChE।
AIChE-এর অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড’। শিক্ষার্থীদের অংশগ্রহণ, কার্যক্রমের গুণগত মান, পেশাদারিত্ব, বিশ্ববিদ্যালয় ও সমাজের প্রতি অবদানসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে এ পুরস্কার দেওয়া হয়। টানা দ্বিতীয়বার এ স্বীকৃতি অর্জন সংগঠনটির ধারাবাহিক সাফল্য, নেতৃত্ব, কারিগরি উৎকর্ষ ও আন্তর্জাতিক সম্পৃক্ততার প্রতিফলন।
এ অর্জনে অনুভূতি প্রকাশ করে SUST AIChE-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার বলেন, “এ স্বীকৃতি পেয়ে আমরা গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। এটি আমাদের শিক্ষার্থীদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। টানা দ্বিতীয়বার এ পুরস্কার অর্জন SUST AIChE-এর জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এ মর্যাদাপূর্ণ স্বীকৃতির জন্য আমি AIChE-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি CEP বিভাগ এবং শাবিপ্রবির অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও নিষ্ঠা, বিনয় ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে উৎকর্ষের ধারাবাহিকতা বজায় রাখবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শাবিপ্রবির ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
এ বিষয়ে সিইপি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সালাতুল ইসলাম মজুমদার বলেন, “টানা দ্বিতীয়বারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জনে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি CEP বিভাগ এবং শাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ অর্জন আমাদের শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, অসাধারণ নেতৃত্ব এবং উদ্দীপনার বহিঃপ্রকাশ। এটি আন্তর্জাতিক অঙ্গনে বিভাগটির পরিচিতি আরও বৃদ্ধি করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি এ সাফল্যের পেছনে অবদান রাখায় ফ্যাকাল্টি অ্যাডভাইজার অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সালমা আখতার, চ্যাপ্টারের নির্বাহী কমিটি এবং প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এ অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এ সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে শাবিপ্রবিতে একটি আন্তর্জাতিক কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্ভাব্য ক্ষেত্রে আংশিক আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
জানা যায়, এ স্বীকৃতি অর্জনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে SUST AIChE বছরজুড়ে বিভিন্ন সৃজনশীল ও দক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালনা করেছে। শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান, পেশাগত দক্ষতা এবং পারস্পরিক সহযোগিতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়।
এর মধ্যে অন্যতম ছিল সংগঠনটির প্রধান পেশাগত উন্নয়নমূলক আয়োজন ‘CareerSpark 2.0’। পাঁচ পর্বের এ আয়োজনে দেশ-বিদেশের শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্যারিয়ারের সম্ভাবনা, শিল্পখাতের পরিবর্তনশীল প্রবণতা, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা লাভ করেন।
এ ছাড়া শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও প্রতিযোগিতামূলক মনোভাব বিকাশে আয়োজন করা হয় ‘ChemE Throne 2026’। এতে ‘ChemE Jeopardy Competition’ এবং ‘Scavenger Hunt’ নামে দুটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংবিষয়ক জ্ঞান প্রয়োগের পাশাপাশি বিশ্লেষণী চিন্তাভাবনা, সমস্যা সমাধান ও দলগত কাজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান।
আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতেও কাজ করেছে সংগঠনটি। এর ধারাবাহিকতায় সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST)-এর AIChE স্টুডেন্ট চ্যাপ্টারের সঙ্গে প্রথমবারের মতো ‘সিস্টার চ্যাপ্টার’ অংশীদারত্ব প্রতিষ্ঠা করে SUST AIChE। পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (GSTU) AIChE স্টুডেন্ট চ্যাপ্টারগুলোর সঙ্গে আন্তঃচ্যাপ্টার সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এ ছাড়া মালয়েশিয়া, ফিলিস্তিন, পেরু ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের AIChE স্টুডেন্ট চ্যাপ্টারের সঙ্গে আন্তর্জাতিক মিটআপ আয়োজন করে সংগঠনটি। এসব আয়োজনে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়, আন্তর্জাতিক নেটওয়ার্কিং এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হয়।
আন্তর্জাতিক AIChE কমিউনিটিতে সংগঠনটির ক্রমবর্ধমান সম্পৃক্ততার আরেকটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো ২০২৬-২৭ মেয়াদের AIChE Executive Student Committee (ESC)-তে SUST AIChE-এর নয়জন সদস্যের নির্বাচিত হওয়া। একাডেমিক উৎকর্ষ এবং AIChE-এর বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ তাঁরা এ সুযোগ লাভ করেন।
টানা দ্বিতীয়বার পুরস্কার অর্জনের বিষয়ে SUST AIChE-এর স্টুডেন্ট প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান বলেন, “টানা দ্বিতীয়বারের মতো আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড অর্জন আমাদের সংগঠনের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এ স্বীকৃতি অর্জনে নির্বাহী কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি আমাদের অ্যাডভাইজার, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলীর ধারাবাহিক সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, আমাদের ওয়েবিনার ও সেমিনারগুলো সমৃদ্ধ করতে যাঁরা মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। সংগঠনটি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য অর্থবহ সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অঙ্গনে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রথমবার এ পুরস্কার অর্জনের মাধ্যমে SUST AIChE একটি ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছিল। আর টানা দ্বিতীয়বারের এ স্বীকৃতি সংগঠনটির ধারাবাহিকতা, দক্ষতা ও উৎকর্ষ ধরে রাখার সক্ষমতাকে আরও সুপ্রতিষ্ঠিত করেছে। পেশাগত দক্ষতা উন্নয়ন, কারিগরি কার্যক্রম এবং আন্তর্জাতিক সহযোগিতার পরিধি সম্প্রসারণের মাধ্যমে ভবিষ্যৎ কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে শাবিপ্রবির প্রতিনিধিত্ব করে এগিয়ে যেতে চায় সংগঠনটি।
- বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা
- চাইলেও শূন্য পদে শিক্ষক দেওয়া যাচ্ছে না: শিক্ষা সচিব
- শিক্ষার বিভিন্ন দপ্তরের দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি গঠন
- মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে দুঃসংবাদ
- টানা দ্বিতীয়বার এআইসিই-এর ‘আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড’ পেল শাবিপ্রবি
- শাবিপ্রবির রসায়ন সমিতির নতুন কমিটি গঠন, ভিপি মেহেদী ও জিএস রিফাত
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD