ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া সাক্ষাৎকারে এনসিটিবি চেয়ারম্যান জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ শেষ হচ্ছে। পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহের সর্বশেষ অবস্থা, নতুন বইয়ের মান এবং বিতরণের দিনক্ষণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।
এনসিটিবি চেয়ারম্যান বলেন, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষের দিকে। প্রাথমিক স্তরের প্রায় ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশের বেশি বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে।
তিনি বলেন, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শনও (পিডিআই) সম্পন্ন হয়েছে।
অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে।
বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আগে ১ জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই দেওয়ার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এজন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বর সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। তবে সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে।
আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে জানিয়ে তিনি বলেন, নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।
বিগত বছরগুলোয় বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনের সংস্কৃতি বদলানোর কথা তুলে ধরে মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো। আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’
বইয়ের গুণগত মান সম্পর্কে তিনি বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। আগের কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে; যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’
দ্রুত প্রাথমিক ও মাধ্যমিকের বই পরিমার্জনসহ ছাপা ও সরবরাহের অগ্রগতির নেপথ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সংশ্লিষ্ট সবার নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন চেয়ারম্যান। নতুন বই ও কারিকুলামের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে; যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়।
পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও তিনি জানান।
- শাবি প্রেসক্লাবের সাথে স্বপ্নোত্থানের নতুন কমিটির মতবিনিময়
- রাজশাাহীতে হঠাৎ স্কুল পরিদর্শনে গিয়ে পেলেন একজন শিক্ষার্থী, শিক্ষামন্ত্রীর অসন্তোষ
- ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার পরিকল্পনা এনসিটিবির
- চলমান সংকটের সমাধান না হওয়ায় চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’
- জাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
- স্নাতকোত্তরে ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়
- অনুমোদন হয়নি শিক্ষকদের নভেম্বরের বেতনের প্রস্তাব, আগামী সপ্তাহে সম্ভাবনা
- শাবিপ্রবির সাস্ট স্কুল অফ ডিবেটের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিহান-শুভেচ্ছা
- শাবিপ্রবির প্রেসক্লাবের সাথে চোখ ফিল্ম সোসাইটির নতুন কমিটির মতবিনিময়
- শাবিপ্রবিতে লাইফ সায়েন্সেস অনুষদের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২৮ মার্চ
- বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা
- কারিগরি শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হাসান মাহমুদ
- মেডিকেল-ডেন্টালে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
- শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মোহনা টেলিভিশনের সাবেক সিইও গ্রেপ্তার
- কোচিং করা শিক্ষকদের তালিকা নিচ্ছি, সবকিছু অবজার্ভ করছি
- জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার
- সাংবাদিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি
- ২৩ বছরের চাকরিতে ৯ বছরই ছুটিতে
- ব্যাংককে তেল স্থাপনায় বিস্ফোরণ
- ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী




MS3 Technology BD