নভেম্বার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপদ খাদ্য আইন পরিবর্তনের প্রস্তাব, সর্বোচ্চ জরিমানা ১০ লাখ

নভেম্বার ২৪, ২০২৬ ১৮:৩৪ Asia/Dhaka
  • Views: 127
  • Share:
নিরাপদ খাদ্য আইন পরিবর্তনের প্রস্তা

খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ সংশোধনের প্রস্তাব দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা এবং আদায় করা অর্থের ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিক দেওয়ার বিধান রাখা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী বিগত প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয় এবং প্রথম বৈঠকের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির বরাদ্দ করা চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের অনুপাত কমানোর বিধান রাখা হয়েছে। আগে প্রতি ৫০০ জন উপকারভোগীর বিপরীতে একজন ডিলার নিয়োগ দেওয়া হতো। নতুন সংশোধিত নীতিমালায় তা কমিয়ে প্রতি ২৫০ জন উপকারভোগীর বিপরীতে একজন করে ডিলার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যব্যয় কমানো এবং তাদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল প্রাপ্তির সুযোগ তৈরি করতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার এই চাল বিক্রি করা হচ্ছে।

বৈঠকে আরও জানানো হয়, সারা দেশের খাদ্যগুদামগুলোর মজুত ধারণক্ষমতা বর্তমান ২২ লাখ ৯৩ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ৩০ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে বর্তমানে সারা দেশের খাদ্যগুদামগুলোর প্রকৃত চিত্র তুলে ধরার সুপারিশ করা হয়েছে। যেসব খাদ্যগুদাম অনেক পুরোনো ও ব্যবহারের অনুপযোগী, সেগুলো সরেজমিনে পরিদর্শন করে বাতিল করা এবং প্রয়োজনে নতুন খাদ্যগুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যগুদামগুলোতে পোকামাকড় নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া খাদ্যগুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড স্ট্রাকচার ব্যবহারের বিষয়টিও পর্যালোচনাধীন রয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়।

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, অভিযোগের ভিত্তিতে বা কর্তৃপক্ষের মাধ্যমে কোনো গুরুতর বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা আরোপের বিধান। আরোপিত এই জরিমানার অর্থ আদায় হলে তার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, ধান সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, ভোক্তাদের কাছে যেন নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছানো যায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন তিনি।

কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টু বলেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকারের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করে জনগণ, দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। কৃষক ও ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং তাদের ন্যায্য স্বার্থ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান কমিটির সভাপতি।

বৈঠকে কমিটির অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী , আবুল কালাম , খোন্দকার আবু আশফাক  , এলিজা জামান  , মো. আবু তালেব মন্ডল , মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম । এ ছাড়া বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার প্রধানরা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

user
user
Ad
Ad