নভেম্বার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

নভেম্বার ২৪, ২০২৬ ১০:৩৫ Asia/Dhaka
  • Views: 2728
  • Share:

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। ভোরে কুয়াশায় ঢেকে যাচ্ছে জেলার বিভিন্ন এলাকা। বিশেষ করে তেঁতুলিয়ায় সকালবেলা ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচলে হেডলাইট ব্যবহার করতে হচ্ছে।

 আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন রোববার ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত শীতের অনুভূতি বেশি থাকছে। উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের আমেজ। সকালে রোদের দেখা মিললেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আবারও ঠান্ডা অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার ভোর ৬টায় তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

user
user
Ad
Ad