নভেম্বার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’

নভেম্বার ২৪, ২০২৬ ১৫:২৬ Asia/Dhaka
  • Views: 1479
  • Share:
বিসিএস কার্নিভাল ২.০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিএস কার্নিভাল ২.০’। আগামী ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকেল ৩টায় এ আয়োজন অনুষ্ঠিত হবে।

সাস্ট ক্যারিয়ার ক্লাবের স্কুল অব নলেজ ডেভেলপমেন্টের উদ্যোগে এবং ‘উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিল একাডেমি’র সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে।

বিসিএস পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের প্রস্তুতি যাচাই, পরীক্ষার প্রক্রিয়া সম্পর্কে ধারণা প্রদান এবং সরকারি চাকরিতে ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ১০০ নম্বরের বিসিএস প্রিলিমিনারি স্ট্যান্ডার্ড মডেল টেস্ট অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুতির মান যাচাই এবং দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করার সুযোগ পাবেন। পাশাপাশি বিসিএস প্রস্তুতির কৌশল, পরীক্ষার প্রক্রিয়া ও সরকারি চাকরিতে ক্যারিয়ার গঠন নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ৪৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. গোলাম সামদানি। এছাড়া উপস্থিত থাকবেন মো. আশরাফুল আলম সুজন। তিনি ৪৫তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডার এবং ৪৬তম বিসিএসের প্রশাসন ক্যাডার ও ৪৭তম বিসিএসের পুলিশ ক্যাডার-সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনা করবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাডারে কর্মজীবন ও সরকারি চাকরির বাস্তবতা সম্পর্কে ধারণা পাবেন।

আয়োজনে সেরা ১০ জন অংশগ্রহণকারীর জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারী পাবেন বিশেষ ইভেন্ট কিট। পাশাপাশি থাকবে আপ্যায়নের ব্যবস্থা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনলাইন ও সরাসরি নিবন্ধনের সুযোগ থাকছে। অনলাইন নিবন্ধন চলবে ২১ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত। এছাড়া ২৩ থেকে ২৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় স্থাপিত বুথ থেকে সরাসরি নিবন্ধন করা যাবে। আগ্রহীরা আয়োজকদের প্রকাশিত পোস্টারের কিউআর কোড স্ক্যান করে অথবা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

আয়োজকরা জানান, বিসিএসের প্রস্তুতি শুরু করতে আগ্রহী এবং নিজেদের প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে ইচ্ছুক শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পারবেন। অভিজ্ঞ কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ, বিসিএস প্রস্তুতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জন এবং নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি করাই ‘বিসিএস কার্নিভাল ২.০’-এর মূল লক্ষ্য।

user
user
Ad
Ad