নভেম্বার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী

নভেম্বার ২৪, ২০২৬ ১৭:১৮ Asia/Dhaka
  • Views: 133
  • Share:
বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী

চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফল পরিবর্তন হওয়ায় নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী মুহাম্মদ ইয়াসিন রেজা ও তাহছিনা ইয়ামিন তারান্নুম। এর আগে প্রকাশিত ফলাফলে মাদ্রাসাটির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিলেন সাঈদাতুন নুর মুনতাহা।

প্রথম ফলাফলে ইয়াসিনের জিপিএ ছিল ৪.৮৩ এবং তাহছিনার ৪.৯৩। পুনর্নিরীক্ষণের পর দুজনের ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে। আলিম পরীক্ষায় ১ হাজার ৫০০ নম্বরের মধ্যে ইয়াসিন পেয়েছেন ১ হাজার ২২০ এবং তাহছিনা পেয়েছেন ১ হাজার ২০৮ নম্বর।

ইয়াসিন বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী পঞ্চম শ্রেণিতে সরকারি বৃত্তি এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিল। ভবিষ্যতে প্রশাসনিক ক্যাডারে যোগ দিয়ে দেশ ও মানুষের সেবা করতে চায় সে। অন্যদিকে তাহছিনার স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হয়ে নতুন প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। বোর্ড চ্যালেঞ্জের পর একই প্রতিষ্ঠান থেকে তিনজনের জিপিএ-৫ অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
উল্লেখ্য, এবারের আলিম পরীক্ষায় মাদ্রাসাটি থেকে ৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৩ জন। প্রথম প্রকাশিত ফলাফলে একজন জিপিএ-৫ পেলেও পুনর্নিরীক্ষণের পর আরও দুজনের ফল পরিবর্তন হওয়ায় মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

user
user
Ad
Ad