নভেম্বার ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ

কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শাবিপ্রবি ছাত্রদলের সা. সম্পাদক নাঈম সরকার

নভেম্বার ১৮, ২০২৬ ২২:৪৫ Asia/Dhaka
  • Views: 298
  • Share:

শেরপুরের নকলার কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫-এর সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী শেরপুর জেলার নকলা উপজেলার কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ কমিটির মেয়াদ হবে পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার। এ ছাড়া সদস্য সচিব হিসেবে ওই মাদ্রাসার সুপার, সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মো. হযরত আলী এবং অভিভাবক সদস্য হিসেবে মো. মোখলেছুর রহমান রয়েছেন।

এ বিষয়ে নাঈম সরকার বলেন, “কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের। কৃষ্ণপুরের সন্তান হিসেবে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে আন্তরিকভাবে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

user
user
Ad
Ad