অক্টোবার ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

বকেয়া নিয়ে যা বলছে অর্থ বিভাগ

বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী

অক্টোবার ২৮, ২০২৬ ১০:০৬ Asia/Dhaka
  • Views: 1429
  • Share:

নবম জাতীয় পে স্কেলে আগামী রবিবার (১ নভেম্বর) থেকে বকেয়াসহ বর্ধিত বেতন দেওয়া শুরু হচ্ছে। তবে এই কাঠামোয় বেতন পাবেন না দুই লাখের বেশি সরকারি চাকরিজীবী।

বেতন নির্ধারণ নিয়ে জটিলতার কারণে তারা বাড়তি বেতন পাবেন না বলে অর্থ মন্ত্রণালয়ে সূত্র জানিয়েছে। পরবর্তীতে তাদের বকেয়া দেওয়া হবে।

এর মধ্যে বিদ্যমান চাকরিজীবীর পাশাপাশি পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকরাও আছেন। জটিলতা দূর হলে এসব কর্মকর্তা-কর্মচারী বর্ধিত বেতন বকেয়াসহ পাবেন। নতুন বেতনকাঠামোয় আগামী রবিবার চার মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে মাত্র কয়েক দিন বাকি থাকলেও ২ লাখের বেশি কর্মীর বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি। 

এ জটিলতা দূর করতে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করলেও মঙ্গলবার (২৭ অক্টোবর) পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। ১৪ লাখ কর্মচারীর মধ্যে সোমবার পর্যন্ত নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ হয়েছে ১২ লাখের। দুই লাখ এখনো বাকি।

গত ১৭ সেপ্টেম্বর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়। এরপর বেতন নির্ধারণের কাজ শুরু হয় ৫ অক্টোবর থেকে। নিয়ম প্রয়োগ করতে গিয়ে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে অসংগতি দেখা দেয়। এর সঙ্গে আইবাস++ নিয়েও জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার গণমাধ্যমকে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অভিজ্ঞতার ঘাটতি থাকায় কিছু সমস্যা তৈরি হয়েছে। এগুলো সমাধানে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে।

এদিকে ৮ লাখ পেনশনভোগী ও ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকেরও বেতন নির্ধারণ হয়নি। অর্থ মন্ত্রণালয় বলছে, যাদের নতুন কাঠামোয় বেতন নির্ধারণ হয়নি, তারা পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন। বকেয়া বেতনের টাকা পরে পাবেন। বেশ কিছু মন্ত্রণালয় ও বিভাগের আবেদন ১ নভেম্বরের আগে অর্থ বিভাগ সুরাহা করতে পারছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

user
user
Ad
Ad