অক্টোবার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক

  • Views: 713
  • Share:
অক্টোবার ২৩, ২০২৬ ১৪:২৬ Asia/Dhaka

টিবিসি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে আটক করেছেন পুলিশ। পুলিশ বলছে, তারা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ তাদের অনশনস্থল থেকে আটক করে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি শুরু করেন। একপর্যায়ে অনশনকারীদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন পদধারী নেতাকর্মী অবস্থান করছেন বলে তথ্য ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ঢাবি প্রক্টোরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকেও দেখা যায়, যাঁরা পুলিশকে চিহ্নিতকরণে সহায়তা করেন।

আটক হওয়া ছাত্রলীগ নেতাদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হলের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকরাম গাজী হৃদয়। তাৎক্ষণিকভাবে আটক অন্যজনের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, ঢাবি প্রক্টোরিয়াল টিমের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক চারজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তাদের অতীত কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের এক সদস্য জানিয়েছেন, ক্যাম্পাসের সামগ্রিক শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের শাহবাগ থানায় রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

user
user
Ad
Ad