অক্টোবার ২১, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

আমরণ অনশনসহ ৬ কর্মসূচি  প্রাথমিক সহকারী শিক্ষকদের

  • Views: 617
  • Share:
অক্টোবার ২০, ২০২৬ ১৩:২২ Asia/Dhaka

টিবিসি ডেস্ক ::  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা ন্যায্য দাবি বাস্তবায়ন, মর্যাদা প্রতিষ্ঠা এবং বৈষম্য নিরসনের লক্ষ্যে ৬ পর্বের ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নীতি নির্ধারণী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন শাহীন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জনাব খায়রুন নাহার লিপি।

শিক্ষকদের ঘোষিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে-
১১তম গ্রেড বাস্তবায়ন: ৯ম জাতীয় বেতনস্কেলের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের জন্য অবিলম্বে ১১তম গ্রেড প্রদান করা।

২. উচ্চতর গ্রেড ও শতভাগ পদোন্নতি: ৯ম পে-স্কেল অনুযায়ী ৮ ও ১৪ বছর পূর্তিতে প্রাপ্য দুটি উচ্চতর গ্রেড নিশ্চিত করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি চালুকরণ।

৩. হয়রানিমূলক বদলি ও মামলা প্রত্যাহার: সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপিসহ সকল শিক্ষকের হয়রানিমূলক বদলির আদেশ বাতিল এবং দায়েরকৃত ভিত্তিহীন বিভাগীয় মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার।

ঘোষিত ৬ পর্বের কর্মসূচি
সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তাদের পরবর্তী আন্দোলনের সূচি তুলে ধরে:

১. সংবাদ সম্মেলন: আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা।

২. কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল (৮ নভেম্বর, রবিবার): সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি প্রয়াত শিক্ষক ফাতেমা আপার রুহের মাগফিরাত এবং গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে কেন্দ্রীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

৩. জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি (৮ নভেম্বর, রবিবার): একই দিনে দেশের প্রতিটি জেলায় শিক্ষক প্রতিনিধিদল জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সাক্ষাৎ করে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করবেন।

৪. বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি (১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার): বিভাগীয় শিক্ষক প্রতিনিধিরা বিভাগীয় কমিশনারদের কাছে স্মারকলিপি পেশ করবেন।

৫. মহাসমাবেশ (ডিসেম্বর ২০২৬): বার্ষিক পরীক্ষা শেষে দেশের সর্বস্তরের শিক্ষকদের অংশগ্রহণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বা শাহবাগে মহাসমাবেশ আয়োজন করা হবে (তারিখ পরবর্তীতে চূড়ান্ত হবে)।

৬. অবস্থান ও অনশন কর্মসূচি: এসব কর্মসূচির পরও দাবি আদায়ে দৃশ্যমান অগ্রগতি না হলে জাতীয় প্রেস ক্লাব বা শাহবাগে এক দফা দাবিতে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের সঠিক মর্যাদা ফিরিয়ে দিতে এই ৩ দফা দাবির যৌক্তিক সমাধান জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা।

user
user
Ad
Ad