নভেম্বার ২, ২০২৬ খ্রিস্টাব্দ

র‍্যাগিং, মারধর, হয়রানির অভিযোগে খুবির ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নভেম্বার ১, ২০২৬ ২২:১৭ Asia/Dhaka
  • Views: 2725
  • Share:

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র‍্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদের অর্থদণ্ড এবং অভিভাবকের মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বুধবার (২৮ অক্টোবর) ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্যসচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছয় শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ও ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২৫ ব্যাচের তিন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বছরের ৬ মে ফউটে ডিসিপ্লিনের ২৬ ব্যাচের ১২ শিক্ষার্থী একই ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা র‍্যাগিংয়ের শিকার হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৫ ব্যাচের ৮ শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনকে যথাক্রমে দুই ও এক টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্য ছয়জনকে ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া ১২ মে আইন ডিসিপ্লিনের ২৪ ব্যাচের এক শিক্ষার্থীকে ফউটে ডিসিপ্লিনের আনুমানিক ২৫ শিক্ষার্থীর এলোপাতাড়ি মারধরের অভিযোগে আট শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং একজনকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। শাস্তিপ্রাপ্ত সবাই ফউটে ডিসিপ্লিনের শিক্ষার্থী।

অন্যদিকে, গত ১৪ আগস্ট হল রোডসংলগ্ন নয়ন সড়কের একটি আবাসিক বাসায় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত হতে বাধ্য করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ২৫ ব্যাচের আট শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে দুই টার্ম এবং তিনজনকে এক টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দেওয়া হয়েছে। বাকি চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন চতুর্থ একাডেমিক ভবনের দ্বিতীয় তলা থেকে গাঁজাসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

সহকারী ছাত্রবিষয়ক পরিচালকদের নিয়মিত টহলের সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় তিনজনকেই বহিষ্কার ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনকে দুই টার্মের জন্য বহিষ্কার ও ২০ হাজার টাকা, অন্য দুজনকে এক টার্মের জন্য বহিষ্কার এবং যথাক্রমে ১০ ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

user
user
Ad
Ad