নভেম্বার ২৪, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্মেলনে যোগ দিবেন বাংলাদেশ, ভারত ও নেপালের গবেষক

শাবিপ্রবিতে বাংলা বিভাগের প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২৭ নভেম্বর

নভেম্বার ২৪, ২০২৬ ২০:১১ Asia/Dhaka
  • Views: 24
  • Share:
শাবি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন সম্মেলনের আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে আগামী ২৭ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন'। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শাবি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন  সম্মেলনের আহ্বায়ক ও বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফয়জুল হক। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, অধ্যাপক ড. শিরিন আক্তার সরকার, সিলেট সরকারি কলেজের প্রভাষক কাওছার আহমদ, প্রভাষক মুহা. জাকির হোসাইন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক মো. শামসুদ্দীন এবং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. রিজাউল ইসলাম বলেন, এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’। ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে এই প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ১২৬টি প্রবন্ধ। ১৩টি প্যারালাল অধিবেশনে উপস্থাপিত হবে। ২৭ নভেম্বর সকাল ৮টায় নিবন্ধনের পর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্যারালাল অধিবেশন ছাড়াও দিনব্যাপী কর্মসূচিতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দিন। 

সম্মেলনে থিম স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক। এছাড়া কি-নোট স্পিকার হিসেবে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. বরুণকুমার চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সুমিতা চক্রবর্তী এবং বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম বক্তব্যে রাখবেন।

সম্মেলনের উদ্দেশ্যে সম্পর্কে অধ্যাপক ড. রিজাউল ইসলাম বলেন, "মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজের মুক্ত বুদ্ধির চর্চা বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। অন্যদিকে, সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হবে।"

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলন বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করবে। একই সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ঐতিহাসিক ঐতিহ্যকে সমকালীন গবেষণার আলোকে নতুনভাবে অনুধাবন করার সুযোগ সৃষ্টি হবে।

user
user
Ad
Ad