নভেম্বার ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ইবির ২৪ শিক্ষার্থীকে শাস্তি

নভেম্বার ৩, ২০২৬ ২২:২৯ Asia/Dhaka
  • Views: 8
  • Share:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপরাধের ধরণ ও মাত্রা বিবেচনায় বিভিন্ন মেয়াদে তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা শৃঙ্খলা কমিটির সদস্যসচিব মাছুদুল হক তালুকদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৭৬তম সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে শাস্তির সুপারিশ করা হয়। পরে ২৫ অক্টোবর অনুষ্ঠিত সভায় এসব শাস্তির সুপারিশ অনুমোদন দেওয়া হয়। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী কারও নির্দিষ্ট বর্ষ বা সেমিস্টারের পরীক্ষা, কয়েকজনের একাধিক সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে একাধিক পরীক্ষার শাস্তিও আরোপ করা হয়েছে।

পরীক্ষা শৃঙ্খলা অধ্যাদেশের ৫(১) ধারার ৬(১) উপধারা অনুযায়ী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ডিএস-৫২০৫ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (পুনর্ভর্তি) এক শিক্ষার্থী এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজন শিক্ষার্থীর বিএসএস চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পিএ-৪১০৪ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর বিএসএস দ্বিতীয় সেমিস্টারের ৫২০৭ নম্বর কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

অধ্যাদেশের ৫(৭) ধারার ৬(২) উপধারা অনুযায়ী, ১৮ শিক্ষার্থীর নির্দিষ্ট সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। তাদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুজন, ফাইন আর্টস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একজন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের তিনজন এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দুজন রয়েছেন।

এ ছাড়া ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের একজন, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের দুজন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের দুজন শিক্ষার্থী রয়েছেন।

অন্যদিকে অধ্যাদেশের ৫(১১) ধারার ৬(৩) উপধারা অনুযায়ী, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের সব পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক সেমিস্টারের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য পর্যালোচনা করে পরীক্ষা শৃঙ্খলা কমিটি শাস্তির সুপারিশ করে। পরে সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

প্রশাসন জানায়, পরীক্ষায় নকল ও অসদুপায় প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ লক্ষ্যে পরীক্ষার হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব পালনে আরও সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছেন ইবি উপাচার্য। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে নজরদারি জোরদারের পাশাপাশি পরীক্ষার হল সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

user
user
Ad
Ad