নভেম্বার ৩, ২০২৬ খ্রিস্টাব্দ

পেছাচ্ছে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা

নভেম্বার ৩, ২০২৬ ১৯:২৭ Asia/Dhaka
  • Views: 4529
  • Share:

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে তিন দিন আগে। আর এক মাসের মাথায় শুরু হতে যাচ্ছে স্নাতক পর্যায়ের ভর্তিযুদ্ধ। তবে এরই মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) তারিখ ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর বিষয়ে প্রাথমিকভাবে একমত হয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর উত্তরপত্র পুনর্মূল্যায়ন এবং সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত’ আলোচনা সভায় এমন সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সভা চলাকালে ভর্তি পরীক্ষা পেছাতে উপাচার্যদের চাপ দেন শিক্ষামন্ত্রী। তবে তারা এতে রাজি ছিলেন না।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেলসহ সব ভর্তি পরীক্ষা পেছাতে পারে। যদিও ভর্তি পরীক্ষা পেছাতে রাজি ছিলেন না উপাচার্য ও কর্মকর্তাদের কেউ কেউ। তবে শিক্ষামন্ত্রী তাদের অনুরোধ জানালে প্রাথমিকভাবে সম্মতি প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইউনিভার্সিটিগুলো পরবর্তীতে আলোচনা করে পরীক্ষা কতদিন পেছাবে সেটা জানাবে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারিতে (বিশেষ পরীক্ষা) বসার সুযোগ দিচ্ছে সরকার। এ বছর প্রকাশিত এইচএসসির ফলাফলে অকৃতকার্য হন প্রায় ৬ লাখ শিক্ষার্থী। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ; যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এ কারণে প্রথমবারের মতো সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে ফেল করা ৪ লাখের বেশি শিক্ষার্থীকে। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই পরীক্ষা নিয়ে একই মাসের শেষে ফল প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। যাতে এর মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীদের চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেওয়া যায়।

এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হওয়ার কথা আগামী ৪ ডিসেম্বর। ওইদিন সারাদেশে মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। পরদিন ৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

user
user
Ad
Ad