অক্টোবার ১৫, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

 এআই ভিডিও বানালেন ট্রাম্প, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

  • Views: 552
  • Share:
অক্টোবার ১৪, ২০২৬ ১৯:৪৭ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: যুক্তরাজ্যের একটি বন্যপ্রাণী পার্কে বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর কয়েক দিন পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে দেখা যায়, একটি বাঘের সঙ্গে কুস্তি করছেন তিনি, পরে সেটির সঙ্গে খেলছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ৮০ বছর বয়সি ট্রাম্প। অনেকে তার এই কর্মকাণ্ডকে ‘মানসিকভাবে অসুস্থ’ আচরণ এবং ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেছেন।

ভিডিওটি যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রতি ইঙ্গিত করে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই পার্কে একটি আমুর বাঘের খাঁচায় ঢুকে পড়ার পর বাঘটির আক্রমণে শিশু অভিনেতা উইলিয়াম চ্যাপম্যান নিহত হন। ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ভিডিওটির সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ পরে মানুষকে সেটি প্রকাশ না করার আহ্বান জানায়।

ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত ২৩ সেকেন্ডের এআই ভিডিওতে দেখা যায়, ঘাসের ওপর বসে একটি বিশাল আমুর বাঘের দিকে আঙুল তুলে নির্দেশ করছেন তিনি। মূল ঘটনার ভিডিওতেও চ্যাপম্যানকে একইভাবে আঙুল তুলতে দেখা গিয়েছিল। এরপর বাঘটি ট্রাম্পের দিকে থাবা ছুড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়।

পরে ট্রাম্পকে বাঘটিকে ধাওয়া করে কাবু করতে দেখা যায়। একপর্যায়ে দৃশ্যটি খেলাচ্ছলে লড়াইয়ে রূপ নেয়। ভিডিওর শেষ দিকে ট্রাম্পকে বাঘটিকে জড়িয়ে ধরে হাসতে দেখা যায়। এ সময় পেছনে বাজতে থাকে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি।

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প বাঘের আক্রমণে ওই ব্যক্তির মৃত্যুর মূল ভিডিওটি প্রকাশ করেছিলেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। শনিবার বন্যপ্রাণী পার্কে যুক্তরাজ্যের ওই ব্যক্তির ওপর বাঘের হামলার ৪১ সেকেন্ডের ভিডিওটি পরে হোয়াইট হাউসের ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ নামের এক্স অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘প্রকৃতির সঙ্গে কখনো ঝামেলায় জড়াবেন না!’

ট্রাম্পের এআই ভিডিওটি প্রকাশের পরও সমালোচনা অব্যাহত থাকে। এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীরা ভিডিওটি পুনরায় শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন।

একজন ব্রিটিশ ব্যবহারকারী মন্তব্য করেন, ‘একজন ব্রিটিশ হিসেবে বিষয়টি আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং শোকাহত পরিবারের প্রতি চরম অসম্মানজনক মনে হচ্ছে।’

নিজেকে ডেমোক্র্যাটপন্থী হিসেবে পরিচিত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি হ্যারি সিসনও ট্রাম্পের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘ট্রাম্প সত্যিই মাঝরাতে বাঘের সঙ্গে নিজের এই এআই ভিডিওটি প্রকাশ করেছেন। এই মানুষটি বিকৃত মানসিকতার এবং মানসিকভাবে অসুস্থ।’

এক্সে ‘র‍্যাপিড রেসপন্স ৪৭’ অ্যাকাউন্টটির অনুসারী সংখ্যা ২৩ লাখ। ওই অ্যাকাউন্টে ভিডিও প্রকাশের পর ব্যবহারকারীরা ট্রাম্পের বিচারবুদ্ধি নিয়েও প্রশ্ন তোলেন। একজন পোস্টটিকে ‘অসুস্থ মানসিকতার পরিচয়’ বলে মন্তব্য করেন।

অন্য একজন লেখেন, ‘আমি ট্রাম্পের বড় সমর্থক। তবে এই পোস্টটি আমার পছন্দ হয়নি। যার যার নিজস্ব মতামত।’

শৈশবে বিবিসির একটি প্রামাণ্যচিত্রে অভিনয় করা চ্যাপম্যান শনিবারের ওই ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মারা যান। ঘটনার পর থেকে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক বন্ধ রয়েছে। শনিবার পর্যন্ত টানা পঞ্চম দিনের মতো পার্কটি বন্ধ থাকার কথা রয়েছে।

user
user
Ad
Ad