জুলাই ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ

  • Views: 122
  • Share:
জুলাই ১৬, ২০২৬ ১৮:০২ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: সরকারের উদ্যোগে বিনামূল্যে বিতরণ করা প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যবই পেতে ১০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার একাধিক কিন্ডারগার্টেনের শিক্ষক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে এ আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে উপজেলার ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালিকাভুক্ত ৩৫টি কিন্ডারগার্টেনে মোট ১ লাখ ৪০ হাজার ১৫৪টি বই বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ১৭৬ এবং কিন্ডারগার্টেনে প্রায় ৮ হাজার।

কিন্ডারগার্টেনগুলোর শিক্ষকের অভিযোগ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সময় অনুযায়ী ও স্বাভাবিকভাবে বই পান না তারা। বই সংগ্রহ করতে গেলেই নানা কাগজপত্র, অনুমোদন ও ফাইলের অজুহাত দেখিয়ে ঘোরানো হয়। পরে শিক্ষা অফিসের এক চুক্তিভিত্তিক কর্মচারীর মাধ্যমে টাকা দিলে বই দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেন বলেন, বই বিতরণে কোনো ধরনের অনিয়ম বা অর্থ লেনদেন হয়নি। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

user
user
Ad
Ad