জুলাই ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি

  • Views: 129
  • Share:
জুলাই ১৫, ২০২৬ ২১:২৩ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, ‘শিক্ষকদের তথ্য আঞ্চলিক কার্যালয় থেকে আসতে শুরু করেছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চলে এসেছে। তবে কিছু প্রতিষ্ঠান এখনো বাকি রয়েছে। এগুলো চলে আসার পর আমরা ভ্যালিডেশন কার্যক্রম শুরু করবো।’

বুধবার (১৫ জুলাই)মাউশি ডিজি বলেন, ‘ভ্যালিডেশন কার্যক্রম শেষ করতে আমাদের তিন থেকে চারদিন লাগবে। এরপর বদলি আবেদনগ্রহণ শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। অনুমতি পেলে বদলি আবেদনগ্রহণের কার্যক্রম শুরু করা হবে।

চলতি মাস থেকে বদলি আবেদন গ্রহণ শুরু হবে কিনা এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সোহেল আরও বলেন, ‘কবে থেকে আবেদন শুরু করা যাবে সেটি মূলত দুটি বিষয়ের ওপর নির্ভর করছে। প্রথমটি হলো সবগুলো প্রতিষ্ঠানের তথ্য কবে আসবে এবং দ্বিতীয়টি হলো- শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন। এই দুটি যত দ্রুত শেষ হবে তত দ্রুত, বদলি আবেদন শুরু করা যাবে।

গত ২১ জুন মাউশি পরিচালক (মাধ্যমিক) মো. সাখাওয়াত হোসেন খানের সই করা এক বিজ্ঞপ্তিতে বদলির তথ্য দেওয়ার সময়সীমা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় শিক্ষক-কর্মচারী বদলির জন্য প্রস্তুত করা সফটওয়্যারের মাধ্যমে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান ছিল।

তবে সফটওয়্যারের কারিগরি সীমাবদ্ধতার কারণে হঠাৎ সার্ভার শাটডাউন হয়ে যাওয়ায় তথ্য ও ডেটা সংগ্রহ কার্যক্রম কিছুটা ব্যাহত হয়।

পরে সফটওয়্যারের কারিগরি সমস্যা সমাধান হওয়ায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এখনো তথ্য বা ডেটা ইনপুট দিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে ইনপুট করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, স্কুলপর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময় ২৫ জুন ২০২৬। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ৫ জুলাই এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। শিক্ষাসম্পর্কিত অ্যাপ

অন্যদিকে কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন। আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

user
user
Ad
Ad