নভেম্বার ২৫, ২০২৬ খ্রিস্টাব্দ

তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার: প্রধান তথ্য কমিশনার

নভেম্বার ২৫, ২০২৬ ১৭:০২ Asia/Dhaka
  • Views: 622
  • Share:
তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার

তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার বলে জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে আজ (বুধবার, ২৫ নভেম্বর) ওয়াইডব্লিউসিএ স্কুলে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, ‘জনগণের করের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য জানার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তথ্য অধিকার মানুষের অন্যতম মৌলিক মানবাধিকার।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সুরক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। সঠিক তথ্য জানা এবং অন্যের অধিকারকে সম্মান করা একজন সুনাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।’

প্রধান তথ্য কমিশনার আরও বলেন, ‘শিক্ষা হতে হবে আনন্দময় ও চাপমুক্ত। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দেশপ্রেম, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। পরীক্ষার ফলাফল দিয়ে কারও যোগ্যতা বিচার করা উচিত নয়। বিশেষ করে নারীদের প্রতি সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করে তাদের অধিকার ও সক্ষমতা বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে তথ্য অধিকারবিষয়ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধান তথ্য কমিশনার। অবহিতকরণ অনুষ্ঠানে ওয়াইডব্লিউসিএ স্কুলের ১১৬ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

user
user
Ad
Ad