অক্টোবার ৩০, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক নজমুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অক্টোবার ২৯, ২০২৬ ১৭:৪০ Asia/Dhaka
  • Views: 1671
  • Share:

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ (সিলেট): সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নজমুল ইসলামের শেষ কর্মদিবস ও অবসর গ্রহণ উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ অক্টোবর শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ কর্মজীবনের ইতি টানলেন এই জনপ্রিয় শিক্ষক।

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন; অনেকের চোখেই জল গড়ায়। শিক্ষকতার বর্ণাঢ্য জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নজমুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি কেবল পাঠদানই করেননি, বরং শিক্ষার্থীদের নৈতিকতা ও মনুষত্ববোধে গড়ে তুলতে আজীবন নিরলস কাজ করে গেছেন। তাঁর এই শূন্যতা বিদ্যালয় পরিবারে সহজে পূরণ হওয়ার নয়।

পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুন্দর অবসর জীবন কামনা করে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

user
user
Ad
Ad