একাদশ শ্রেণিতে ভর্তির আগে যে ১০ তথ্য অবশ্যই যাচাই করতে হবে
টিবিসি ডেস্ক :: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এবার একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা। ভালো ফলাফলের পর পছন্দের কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন থাকলেও শুধু কলেজের নাম বা পরিচিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে হতে পারে।
কারণ একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর ফলাফল, পছন্দের বিভাগ, কলেজের যোগ্যতার শর্ত, আসন ও ভর্তি-সংক্রান্ত নিয়ম—সবকিছু বিবেচনায় নিতে হয়। এ জন্য আবেদন বা ভর্তি চূড়ান্ত করার আগে কয়েকটি তথ্য ভালোভাবে যাচাই করা জরুরি।
১. নিজের জিপিএ ও কলেজের ন্যূনতম যোগ্যতা
প্রথমেই দেখতে হবে নিজের এসএসসি বা সমমানের ফলাফল দিয়ে কাঙ্ক্ষিত কলেজ ও বিভাগে আবেদন করার যোগ্যতা রয়েছে কি না। কলেজ ও বিভাগভেদে ন্যূনতম যোগ্যতার শর্ত আলাদা হতে পারে। তাই শুধু জিপিএ ৫ পেয়েছে কি না এটি না দেখে সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত যোগ্যতা যাচাই করতে হবে।
২. কোন বিভাগে ভর্তি হতে পারবে
একাদশে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা কোন বিভাগে ভর্তি হতে পারবে, সেটিও আগে নিশ্চিত হওয়া প্রয়োজন। এসএসসিতে পড়া বিভাগ ও প্রযোজ্য নীতিমালার ভিত্তিতে বিভাগ পরিবর্তনের সুযোগ বা সীমাবদ্ধতা থাকতে পারে। তাই নিজের ফলাফল ও এসএসসি বিভাগের সঙ্গে মিলিয়ে কাঙ্ক্ষিত কলেজে কোন বিভাগে আবেদন করা যাবে, তা যাচাই করতে হবে।
৩. কলেজের পছন্দক্রম ঠিক আছে কি না
একাদশ শ্রেণির কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থায় একাধিক কলেজ পছন্দ দেওয়ার সুযোগ থাকে। পছন্দের তালিকা করার সময় শুধু নামী কলেজগুলো না রেখে নিজের ফলাফল ও বাস্তবসম্মত সম্ভাবনা বিবেচনা করা উচিত। যে কলেজে সবচেয়ে বেশি পড়তে ইচ্ছুক, সেটিকে পছন্দক্রমে ওপরের দিকে রাখার পাশাপাশি তুলনামূলকভাবে বাস্তবসম্মত কয়েকটি বিকল্পও রাখা ভালো।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাতেমা ইয়াসমিন বলেন, ‘শিক্ষার্থীদের কলেজ পছন্দের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। তারা সর্বোচ্চ দশটা বা পাঁচটি কলেজ পছন্দ দিতে পারবে। এখানে অনেক সময় প্রথম সারির কলেজ কোনটি, সেটি চিহ্নিত করতে ভুল হয়। যেমন, কুমিল্লার ক্ষেত্রে ভিক্টোরিয়া কলেজ সরকারি কলেজগুলোর মধ্যে প্রথম সারির। কিন্তু কোনো শিক্ষার্থী যদি ভিক্টোরিয়া কলেজকে প্রথম পছন্দ না দিয়ে কুমিল্লা সরকারি কলেজ বা মহিলা কলেজকে প্রথম পছন্দ দেয় এবং ভিক্টোরিয়া কলেজকে দ্বিতীয় বা তৃতীয় পছন্দে রাখে, তাহলে তার জন্য বিষয়টি কিছুটা সমস্যার হতে পারে। তাই কলেজের র্যাংকিং ও নিজের পছন্দক্রম বুঝে কলেজ নির্বাচন করতে হবে।’
৪. কলেজে আসন ও কাঙ্ক্ষিত বিভাগ আছে কি না
কোনো কলেজ পছন্দ করার আগে সেখানে নিজের কাঙ্ক্ষিত বিভাগ চালু আছে কি না এবং আসনসংখ্যা কত তা দেখে নিতে হবে। শুধু কলেজের নাম দেখে আবেদন করলে পরে পছন্দের বিভাগ না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আবেদন করার আগে কলেজ ও বিভাগভিত্তিক তথ্য যাচাই করা জরুরি।
এ বিষয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ফাতেমা ইয়াসমিন বলেন, ‘শিক্ষার্থীদের ফলাফল ও কলেজে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত আসনসংখ্যাও গুরুত্বপূর্ণ। প্রত্যেক কলেজের নির্দিষ্ট আসন ও শিক্ষার্থী নেওয়ার সক্ষমতা রয়েছে। কোনো শিক্ষার্থী যদি সংশ্লিষ্ট কলেজের নির্ধারিত যোগ্যতা ও ফলাফলের শর্ত পূরণ করে এবং আসনসংখ্যার মধ্যেও থাকে, তাহলে সাধারণত সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আসনসংখ্যা পূরণ হয়ে গেলে এবং শিক্ষার্থীর ফলাফল সেই অনুযায়ী না হলে ওই কলেজে ভর্তির সুযোগ নাও হতে পারে।’
৫. ভর্তি প্রক্রিয়াটি কেন্দ্রীয় নাকি নিজস্ব
সব প্রতিষ্ঠানের ভর্তি প্রক্রিয়া একই নয়। সাধারণ কলেজ ও মাদ্রাসার একাদশ শ্রেণির ভর্তি কেন্দ্রীয় অনলাইন ব্যবস্থার মাধ্যমে হলেও কিছু প্রতিষ্ঠান নিজস্ব ভর্তি প্রক্রিয়া অনুসরণ করে। নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলসহ কিছু প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থায় ভর্তি কার্যক্রম পরিচালনা করে। তাই যে কলেজে আবেদন করতে চাও, সেটি কেন্দ্রীয় ভর্তি ব্যবস্থার আওতায় নাকি নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেয় আগেই নিশ্চিত হও।
৬. আবেদনের সময়সূচি ও শেষ সময়
একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের প্রতিটি ধাপের নির্দিষ্ট সময়সীমা থাকে। আবেদন, ফল প্রকাশ, ভর্তি নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তির সময় আলাদা হতে পারে। তাই ফেসবুক পোস্ট বা পরিচিতজনের কথার ওপর নির্ভর না করে সর্বশেষ সরকারি বিজ্ঞপ্তি ও নির্ধারিত ভর্তি পোর্টাল থেকে সময়সূচি যাচাই করতে হবে।
৭. আবেদন ও ভর্তি নিশ্চায়নের নিয়ম
অনলাইনে আবেদন করলেই ভর্তি সম্পন্ন হয় না। মেধাতালিকায় কোনো কলেজে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়নসহ পরবর্তী ধাপ সম্পন্ন করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে বরাদ্দ বাতিল হওয়ার ঝুঁকি থাকে। তাই ফল প্রকাশের পর শুধু ফল দেখেই বসে না থেকে পরবর্তী করণীয় ও সময়সীমা অবশ্যই দেখে নিতে হবে।
৮. মাইগ্রেশনের নিয়ম
পছন্দক্রমের নিচের দিকে থাকা কোনো কলেজে প্রাথমিকভাবে মনোনয়ন পেলে পরবর্তী সময়ে পছন্দক্রম অনুযায়ী ওপরে থাকা কলেজে মাইগ্রেশনের সুযোগ থাকতে পারে। তবে এটি কীভাবে কার্যকর হবে, কোন শর্তে হবে এবং কখন ফল প্রকাশ হবে এসব সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হয়। তাই মাইগ্রেশন নিয়ে কারও মুখের কথায় সিদ্ধান্ত না নিয়ে সরকারি নির্দেশনা দেখে নিতে হবে।
৯. মোট খরচ ও কলেজের নির্ধারিত ফি
ভর্তির আগে শুধু আবেদন ফি নয়, ভর্তি ও পরবর্তী শিক্ষাবর্ষে সম্ভাব্য খরচ সম্পর্কেও ধারণা নেওয়া উচিত। কলেজের ভর্তি ফি, মাসিক বেতন, অন্যান্য নির্ধারিত ফি এবং পরিবহন বা আবাসনের মতো অতিরিক্ত খরচ থাকলে সেগুলোও বিবেচনায় নিতে হবে। কোনো টাকা জমা দেওয়ার ক্ষেত্রে রসিদ নেওয়া এবং কলেজ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদিত ফি কি না, তা নিশ্চিত করা জরুরি।
১০. কলেজের পরিবেশ ও যাতায়াত সুবিধা
সবশেষে কলেজটি নিজের জন্য বাস্তবসম্মত কি না, সেটিও ভাবতে হবে। বাসা থেকে কলেজের দূরত্ব, প্রতিদিন যাতায়াতের সময় ও খরচ, ক্লাসের সময়সূচি, শিক্ষার পরিবেশ এবং নিজের পছন্দের বিষয়ে পড়ার সুযোগ এসব বিষয় গুরুত্বপূর্ণ। শুধু বন্ধু বা পরিচিত কেউ সেখানে ভর্তি হচ্ছে বলে একই কলেজ বেছে নেওয়া ঠিক নয়।
আবেদনের আগে এই ভুলগুলো এড়িয়ে চলো
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় তাড়াহুড়ো করে পছন্দক্রম দেওয়া, যোগ্যতা না দেখে কলেজ নির্বাচন, ভুল মোবাইল নম্বর ব্যবহার, আবেদনের তথ্য যাচাই না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করা এসব কারণে শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারে। তাই আবেদন করার আগে এসএসসির রোল, রেজিস্ট্রেশন নম্বর, পাসের বছরসহ ব্যক্তিগত তথ্য ঠিক আছে কি না, সেটিও ভালোভাবে মিলিয়ে নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভর্তি-সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে পুরোনো বিজ্ঞপ্তি বা সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ওপর নির্ভর না করে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের সর্বশেষ সরকারি নির্দেশনা অনুসরণ করা। একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় অনলাইন আবেদন, পছন্দক্রম, মেধাতালিকা, ভর্তি নিশ্চায়ন ও মাইগ্রেশনের নিয়ম রয়েছে তাই প্রতিটি ধাপের নির্ধারিত সময়সীমা ও শর্ত মেনে চলাই নিরাপদ।
ফাতেমা ইয়াসমিন বলেন, ‘এখন আসলে ভুল করার সুযোগ নেই। কারণ জেএসসি সময় থেকেই শিক্ষার্থীদের অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। ফলে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করার সময় তাদের তথ্য ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ, টেকনিক্যাল ভুল হওয়ার সম্ভাবনাও এখন প্রায় নেই বললেই চলে।’
তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বড় ধরনের টেকনিক্যাল জটিলতা নেই। শিক্ষার্থীদের মূলত নিজের ফলাফল, পছন্দের কলেজের তালিকা এবং সংশ্লিষ্ট কলেজের আসনসংখ্যা ও যোগ্যতার বিষয়গুলো ঠিকভাবে বিবেচনা করতে হবে। এগুলো ঠিক থাকলে আপাতত অন্য কোনো বড় সমস্যা হওয়ার কথা নয়।
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
- আজ রাতে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল
- আজ বিশ্ব শিক্ষক দিবস: ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা
- অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি
- এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্কুলশিক্ষক বরখাস্ত
- মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা
- চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি
- বাংলাদেশ–আফগানিস্তান টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
- মিষ্টির আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল


MS3 Technology BD