নভেম্বার ১৬, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবির ভর্তিতে এবার চার ধরনের কোটায় ৮ শতাংশ আসন সংরক্ষিত

নভেম্বার ১৫, ২০২৬ ১৩:০১ Asia/Dhaka
  • Views: 25
  • Share:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার জন্য এবার চার ধরনের কোটায় ৮ শতাংশ আসন সংরক্ষিত থাকবে।

 বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব আসনের জন্য যোগ্য শিক্ষার্থী না পাওয়া গেছে মেধাতালিকা থেকে পূরণ করা হবে।

ইতিমধ্যে ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় অনলাইনে এ প্রক্রিয়া শুরু হয়।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোটায় ভর্তির আসন পূর্ণ না হলে মেধা থেকে শূন্য আসনসমূহ পূরণ করা হবে। এছাড়া নির্ধারিত আসন সংখ্যার বাইরে পোষ্য সুবিধার উপযুক্ত প্রার্থীকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সাধারণ ভর্তি কমিটির নির্দেশনা অনুযায়ী স্ব-স্ব ইউনিট কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

এবার ভর্তির ক্ষেত্রে আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস), হিজড়া, হরিজন ও দলিত সম্প্রদায়, মুক্তিযোদ্ধার সন্তান কোটায় ভর্তির আবেদনের সুযোগ পাবে। 

এবার মুক্তিযোদ্ধার সন্তান ৫ শতাংশ আসনে ভর্তি করা হবে। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, হরিজন ও দলিত সম্প্রদায় এবং প্রতিবন্ধী ও হিজড়া প্রার্থীরা ১ শতাংশ করে আসনে ভর্তির সুযোগ পাবেন। অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট কোটায় টিক চিহ্ন দিতে হবে। যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবল তারাই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর কোটার জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে, প্রার্থী অনলাইনে যে কোটার ঘর পূরণ করেছে তাকে সে কোটার যোগ্যতার প্রমাণ ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেখিয়ে নির্ধারিত ফরম কোটার বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিস থেকে অথবা অনলাইন থেকে সংগ্রহ এবং তা যথাযথভাবে পূরণ করে অবশ্যই জমা দিতে হবে। 

মুক্তিযোদ্ধা সন্তান কোটার ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী জেলা প্রশাসনের সনদপত্র, হরিজন ও দলিত সম্প্রদায় কোটার ক্ষেত্রে হরিজন ও দলিত সম্প্রদায় সংগঠন প্রধানের সনদপত্র, প্রতিবন্ধী (দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস), হিজড়া, হরিজন ও দলিত সম্প্রদায় প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদপত্র জমা দিতে হবে।

user
user
Ad
Ad