নভেম্বার ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট

নভেম্বার ৯, ২০২৬ ১৬:৩৯ Asia/Dhaka
  • Views: 2540
  • Share:

দেশে প্রাথমিক স্তরে শিশুদের ভর্তি পরীক্ষা, অতিরিক্ত সহায়ক বই এবং সরকার অনুমোদনহীন প্রাক-প্রাথমিক শিক্ষার বিভিন্ন কোর্স বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা সম্পূর্ণ বন্ধ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধ এবং প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো অননুমোদিত কোর্স বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে।

সোমবার (৯ নভেম্বর) আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালক এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

রিট পিটিশনে আইনি যুক্তি তুলে ধরে বলা হয়েছে, ‘প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০’ অনুযায়ী প্রাথমিক শিক্ষায় প্রতিটি শিশুর বিনা বাধায় ভর্তির নিরঙ্কুশ আইনি অধিকার রয়েছে। কিন্তু ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ প্রণয়নের মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে কোমলমতি শিশুদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মুখোমুখি করা হচ্ছে। এটি মূল আইনের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক এবং এখতিয়ারবহির্ভূত। এ ধরনের ভর্তি পরীক্ষা শিশুদের মনে তীব্র ভীতি ও মানসিক ট্রমা তৈরি করছে বলেও রিটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া, ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আইন, ২০১৮’-এর বিধান অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাণিজ্যিক প্রকাশনীর সঙ্গে যোগসাজশে এনসিটিবি অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে শিশুদের অতিরিক্ত সহায়ক বই ও গাইড পড়তে বাধ্য করছে বলে অভিযোগ করা হয়েছে। এতে শিশুদের ওপর অতিরিক্ত পড়াশোনার চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি বইয়ের ভারে মেরুদণ্ডের ক্ষতিসহ শারীরিক সুস্থতা এবং শিশুদের স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা ব্যাহত হচ্ছে বলে রিটে দাবি করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, ‘জাতীয় শিক্ষানীতি, ২০১০’ অনুযায়ী শিশুদের জন্য এক বছরের সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। তবে এই নীতিমালা উপেক্ষা করে দেশের বিভিন্ন কিন্ডারগার্টেন ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো একাধিক অননুমোদিত স্তরের কোর্স চালু রয়েছে। এর ফলে শিশুদের প্রাথমিক শিক্ষার আগেই দীর্ঘ এক বাণিজ্যিক শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

শিশুদের মুক্তচিন্তা ও সহজাত সৃজনশীলতা বিকাশের পরিবর্তে মুখস্থনির্ভর শিক্ষায় অভ্যস্ত করার এই প্রবণতাকে সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী বলেও দাবি করা হয়েছে রিটে। এতে বলা হয়, এ ধরনের কার্যক্রম সংবিধানের ৩২ অনুচ্ছেদে বর্ণিত মর্যাদাপূর্ণ জীবনের অধিকার, ৩১ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভের অধিকার এবং ১৭ ও ২৭ অনুচ্ছেদে প্রতিফলিত সমতাভিত্তিক ও গণমুখী শিক্ষার নিশ্চয়তার সঙ্গে সাংঘর্ষিক।

এ অবস্থায়, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা গ্রহণ বন্ধ, এনসিটিবির অনুমোদিত বোর্ড বইয়ের বাইরে অতিরিক্ত বই পাঠ্যভুক্ত করা নিষিদ্ধ এবং সরকার অনুমোদিত প্রাক-প্রাথমিক কোর্সের বাইরে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর মতো অননুমোদিত কোর্স পরিচালনা কেন নিষিদ্ধ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

একই সঙ্গে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শিশুদের স্বার্থ ও সুরক্ষায় এসব কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

user
user
Ad
Ad