নভেম্বার ৫, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাবির ভর্তিতে ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ল

নভেম্বার ৫, ২০২৬ ২১:০৩ Asia/Dhaka
  • Views: 7
  • Share:

৫টি ইউনিটের মাধ্যমে এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে- ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

আগের সময়সূচি ও যোগ্যতার আলোকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য কার্যক্রম শুরু হবে। এর ফলে আগের সূচি অনুযায়ীই সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভর্তির অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামীকাল শুক্রবার (৬ নভেম্বর) দৈনিক পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ৪ ইউনিটের ভর্তি আবেদন ফি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে গতবারের ধারাবাহিকতা বজায় রয়েছে শুধু আইবিএ ইউনিটের। বাকি ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এ ১৫০ টাকা করে আবেদন ফি বাড়ানো হয়েছে।

জানা গেছে, এবার বিজ্ঞান; কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা ধরা হয়েছে। অপরদিকে, চারুকলা ইউনিটের আবেদন ফি ১২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৪০০ টাকা করা হয়েছে।

এছাড়া, আইবিএ ইনস্টিটিউটে (ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষার আবেদন ফি-এর পরিমাণও অপরিবর্তিত রেখে ১ হাজার ৫০০ টাকাই রাখা হয়েছে।

নিয়ম অনুযায়ী, চারটি রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রূপালী) যে কোনো শাখায় অথবা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে।

কোন ইউনিটের পরীক্ষা কবে
সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ শনিবার, ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর ২০২৬ মঙ্গলবার এবং ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর ২০২৬ শনিবার অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’ ছাড়া সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০:০০টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

user
user
Ad
Ad