কুয়েটের ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি বিজ্ঞপ্তিতে এবার কয়েকটি শর্ত শিথিল করা হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত। কুয়েটের ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে ২০২৫ সালে বা এর আগে এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—এই চার বিষয়ে আলাদাভাবে কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে। অর্থাৎ, চার বিষয়ে মোট জিপিএ হতে হবে কমপক্ষে ১৬। তবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তিচ্ছুদের জীববিজ্ঞানেও কমপক্ষে জিপিএ ৪.০০ থাকতে হবে। বিদেশি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও এসব বিষয়ে সমমানের গ্রেড পেতে হবে।
জিসিই ও-লেভেল ও এ-লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। এ-লেভেলে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে আলাদাভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে এ-লেভেলে জীববিজ্ঞানেও কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে।
বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নের শর্ত রয়েছে। তাদের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি—প্রতিটি বিষয়ে আলাদাভাবে কমপক্ষে ৯০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। পাশাপাশি মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০ শতাংশ নম্বর বা সমমানের গ্রেড থাকতে হবে।
বিদেশি শিক্ষার্থীদের ভর্তির নির্দেশনা, আবাসন ও বৃত্তিসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া বৈধ আবেদনগুলোর মধ্য থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত মোট মেধাস্কোরের ভিত্তিতে একটি তালিকা তৈরি করা হবে। তালিকাভুক্ত সব প্রার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী ২০ ডিসেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাক্রম, বিভাগ পছন্দের নির্দেশনা, ভর্তির নিয়মাবলি ও ভর্তির তারিখ জানানো হবে ২২ জানুয়ারি।
কুয়েটের ১৭টি বিভাগে আসন বিন্যাসের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগে ৬০টি, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগে ৬০টি এবং আর্কিটেকচার বিভাগে ৫০টি আসন রয়েছে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগে ৫০টি আসন রয়েছে।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০টি, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ৬০টি, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০টি এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসন রয়েছে।
আর্কিটেকচার প্রোগ্রামে পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সব প্রোগ্রামে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি দেওয়া হবে। মোট আসনের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও পার্বত্য জেলার অধিবাসীদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষা খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ভর্তি ফি জমা দিয়ে আবেদন জমা দিতে হবে।
খুলনা কেন্দ্রে পরীক্ষার ফি ১ হাজার ৫০০ টাকা এবং ঢাকা ও রাজশাহী কেন্দ্রে ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ফির সঙ্গে সার্ভিস চার্জ যুক্ত হবে।
২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পাঠ্যসূচি এবং ফাংশনাল ইংলিশের ওপর ভিত্তি করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় মোট ৫০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ২৫টি করে প্রশ্নের বিপরীতে ১২০ নম্বর করে এবং ইংরেজিতে ২৫টি প্রশ্নের বিপরীতে ৫০ নম্বর থাকবে। প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কুয়েটের ওয়েবসাইট এবং বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্র পূরণে কোনো সমস্যা হলে অফিস চলাকালীন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ০১৭১৪০৮৭৩৩৯ নম্বরে যোগাযোগ করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনে admission@kuet.ac.bd ঠিকানায় ই-মেইল করা যাবে।
ভর্তি কমিটির সভাপতি ও বিজ্ঞান এবং মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
- বিএ পাস না হয়েও যেভাবে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া যাবে
- সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী
- দেশের তিন অঞ্চলে রাত ১টার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা
- চুনারুঘাটে জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ঢাবিতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ —প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ
- জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
- উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক
- খুলনার রূপসা সরকারি কলেজের নাম পরিবর্তন
- শ্রীমঙ্গলে সমন্বয়ক হাসিবকে চাপাতি নিয়ে ধাওয়া ছাত্রলীগের
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন
- প্রাথমিকে অতিরিক্ত বই ও অননুমোদিত কোর্স বন্ধে হাইকোর্টে রিট
- সকলের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরতে হবে
- সিলেটের দুটিসহ আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
- এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠান, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান
- বদলি, পে স্কেলের দাবি পূরণে আল্টিমেটাম এমপিও শিক্ষকদের, অন্যথায় কঠোর আন্দোলন
- দেশের ৬০ শতাংশ স্নাতক ডিগ্রিধারী যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না
- প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবিতে সরকারকে আইনি নোটিশ




MS3 Technology BD