নভেম্বার ৭, ২০২৬ খ্রিস্টাব্দ

সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে দুই মাসব্যাপী আইইএলটিএস প্রশিক্ষণ কোর্স

নভেম্বার ৭, ২০২৬ ১৩:৫১ Asia/Dhaka
  • Views: 91
  • Share:
ক্রাস কোর্স ব্যানার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করতে দুই মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে সাস্ট ক্যারিয়ার ক্লাব।

ক্লাবটির দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় ‘আইইএলটিএস ক্র্যাশ কোর্স ২০২৬’ শীর্ষক এ প্রশিক্ষণ আগামী ১৩ নভেম্বর থেকে শুরু হবে।

আয়োজক সূত্রে জানা যায়, কোর্সে আইইএলটিএস পরীক্ষার চারটি অংশ—লিসেনিং, স্পিকিং, রাইটিং ও রিডিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই মাসব্যাপী এ কোর্সে মোট ১৬টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রতি শুক্রবার বিকেল ৩টা এবং শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি ক্লাস নেওয়া হবে। প্রতিটি ক্লাসের সময়কাল হবে আড়াই থেকে তিন ঘণ্টা।

কোর্সটির প্রশিক্ষক হিসেবে থাকবেন স্কাইলার্ক ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিয়া তালবিয়া মিম। আইইএলটিএস পরীক্ষায় সামগ্রিকভাবে ৮ দশমিক ৫ ব্যান্ড অর্জনকারী এ প্রশিক্ষকের ইংরেজি ভাষা শিক্ষাদানে ১৪ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে।

কোর্সে অংশগ্রহণকারীরা আইইএলটিএস পরীক্ষার বিভিন্ন প্রশ্নের ধরন ও উত্তর দেওয়ার কৌশল সম্পর্কে ধারণা পাবেন। পাশাপাশি নিয়মিত অনুশীলনী পরীক্ষা, গঠনমূলক মূল্যায়ন, ব্যক্তিগত উন্নয়নমূলক পরামর্শ এবং কোর্সের শেষ পর্যায়ে একটি মডেল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।

কোর্সটিতে অংশগ্রহণের জন্য সাস্ট ক্যারিয়ার ক্লাবের সাধারণ সদস্যদের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৯৯ টাকা। অন্য শিক্ষার্থীদের জন্য ফি ১ হাজার ৯৯৯ টাকা। সদস্য হিসেবে নির্ধারিত ছাড় পেতে নিবন্ধনের সময় সদস্যপদ পরিচিতি নম্বর অথবা সদস্যপদের বিকল্প প্রমাণ দেখাতে হবে।

আয়োজকেরা জানিয়েছেন, কোর্সটিতে নিবন্ধনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬। বিদেশে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশ কিংবা ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে আগ্রহী শিক্ষার্থীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

user
user
Ad
Ad